রাজধানীর বাড্ডা এলাকায় দুই রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কার্যালয় বা দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসকে লক্ষ্য করে নয় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয়ের সামনে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলি চালানো হয়েছে। এসব পোস্ট দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
এ পরিস্থিতিতে বিকেল পাঁচটার দিকে এনসিপি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ব্যাখ্যামূলক বার্তা দেয়। বার্তায় বলা হয়, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির একটি সাংগঠনিক অফিসের পাশের এলাকায় গুলির ঘটনা ঘটেছে। তবে সেটি কোনো নির্বাচনী অফিস নয় এবং ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি। এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম ওই বার্তাটি পাঠান।
পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান বলেন, যেখানে গুলির ঘটনা ঘটেছে সেখানে গত বছরের নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় ছিল। তবে পরবর্তীতে সেটি আফতাবনগর এলাকায় স্থানান্তর করা হয়। “এ কারণে এটিকে এনসিপির কার্যালয় লক্ষ্য করে গুলিবর্ষণ বলা যাবে না,” বলেন তিনি।
পুলিশ জানায়, ঘটনাস্থলে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।